আজ
|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
১নং কাংশা ইউনিয়ন পরিষদ ভবনের প্রস্তাবনা বাতিল ও মধ্যস্থানে ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন
প্রকাশের তারিখঃ ১৪ জুন, ২০২৬
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রাঙ্গণে আজ ১৪ জুন ২০২৬ তারিখে ১নং কাংশা ইউনিয়ন পরিষদ ভবনের বর্তমান প্রস্তাবনা বাতিল এবং ইউনিয়নের মধ্যস্থানে স্থায়ী পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী, প্রবীণ ব্যক্তি এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ১নং কাংশা ইউনিয়নের নিজস্ব স্থায়ী পরিষদ ভবন নেই। ফলে যে ব্যক্তি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন, তিনি সাধারণত নিজ এলাকার কোনো স্থানে অস্থায়ী কার্যালয় স্থাপন করে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে থাকেন। বর্তমান চেয়ারম্যানও একইভাবে অস্থায়ী কার্যালয় থেকে কার্যক্রম পরিচালনা করছেন।
বক্তারা অভিযোগ করেন, জনগণের মতামত ও ইউনিয়নের সামগ্রিক সুবিধা-অসুবিধা বিবেচনা না করে বর্তমান চেয়ারম্যান ইউনিয়নের এক প্রান্তে স্থায়ী পরিষদ ভবন নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠিয়েছেন।
তাদের দাবি, ইউনিয়নের এক প্রান্তে স্থায়ী ভবন নির্মাণ করা হলে অন্য প্রান্তের মানুষের জন্য পরিষেবা গ্রহণে দীর্ঘমেয়াদি ভোগান্তি সৃষ্টি হবে।
মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, ১নং কাংশা ইউনিয়নের ববর্তমানে যে স্থানটি নির্ধারণ করে প্রস্তাবনা দিয়েছে,সেটি একটি নদীভাঙনপ্রবণ ও ইউনিয়ন এর এক প্রান্তের এলাকা। এক প্রান্তে হওয়ার ফলে সাধারণ মানুষকে একটি জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ কিংবা অন্যান্য প্রয়োজনীয় সেবা নিতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
এখনো অনেক ক্ষেত্রে ১৫০ টাকার একটি সেবা গ্রহণ করতে যাতায়াত খরচই ২০০ টাকা বা তারও বেশি হয়ে যায়। ফলে নিম্ন আয়ের মানুষদের জন্য এটি বাড়তি আর্থিক চাপ ও হয়রানির কারণ হয়ে দাঁড়ায়।
বক্তারা আরও বলেন, দূর-দূরান্ত থেকে অতিরিক্ত ভাড়া খরচ করে পরিষদ কার্যালয়ে গিয়ে অনেক সময় দেখা যায় চেয়ারম্যান উপস্থিত নেই, সচিব নেই অথবা অনলাইন সেবার দায়িত্বপ্রাপ্ত অপারেটর নেই। ফলে সেবা প্রত্যাশীরা কাঙ্ক্ষিত কাজ না করেই ফিরে যেতে বাধ্য হন। এতে সময়, শ্রম ও অর্থ তিনটিই নষ্ট হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, প্রস্তাবিত স্থানের যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন ওয়ার্ড থেকে দূরত্ব এবং যাতায়াতের বাস্তবতা বিবেচনা করলে এটি ইউনিয়নের অধিকাংশ মানুষের জন্য সুবিধাজনক নয়। তারা ইউনিয়নের সকল ওয়ার্ডের মানুষের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ভৌগোলিকভাবে মধ্যবর্তী স্থানে পরিষদ ভবন নির্মাণের দাবি জানান।
বক্তারা সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্থায়ী পরিষদ ভবনের স্থান নির্ধারণের ক্ষেত্রে ইউনিয়নবাসীর মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং বিতর্কিত প্রস্তাবনা বাতিল করে গ্রহণযোগ্য ও মধ্যবর্তী স্থানে ভবন নির্মাণের উদ্যোগ নিতে হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.