নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় অপপ্রচার: যুবদল নেতা বাদশা
প্রকাশের তারিখঃ ১৪ জুন, ২০২৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই একটি মহল তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মো. বাদশা মিয়া।
সম্প্রতি স্থানীয় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যেই এসব প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
বাদশা মিয়া বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। কোনো অন্যায়ের সঙ্গে আপস করিনি। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময় রাজনৈতিক হয়রানি ও মামলার শিকার হয়েছি। অথচ আমি সবসময় বৈধ উপায়ে জীবিকা নির্বাহ করেছি।”
তিনি আরও বলেন, “আমার ছবি ব্যবহার করে যেসব সংবাদ প্রকাশ করা হয়েছে, সেগুলোও উদ্দেশ্যপ্রণোদিত। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীরাই আমাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এসব অপপ্রচার চালাচ্ছে।”
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বাদশা বলেন, কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট তথ্যের সত্যতা যাচাই করা প্রয়োজন। মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ফলে তিনি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাচ্ছে।
তিনি অভিযোগ করেন, কিছু প্রতিবেদনে তার প্রয়াত বাবা শাহ আলম সম্পর্কেও বিরূপ মন্তব্য করা হয়েছে, যা তাকে ও তার পরিবারকে মর্মাহত করেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com