নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে । শনিবার (১৩ জুন) বিকেল ৬ টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নং ওয়ার্ডের নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এরআগে বিকেল ৪ টায় গোসল করতে নেমে তারা নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি করে ঐ ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— মো. রাশেদুজ্জামান (২২), পিতা দেলোয়ার, গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ এলাকায়; মো. গালিব (১৮) ও মোসা. সুরাইয়া (১২), পিতা আকরাম, গ্রামের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকায়। তারা বর্তমানে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় অ্যাডভোকেট জালাল সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তিনজন ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে গেলে আর উঠে আসেননি। খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযানের একপর্যায়ে বিকেল ৫টায় ডুবুরিরা মো. রাশেদুজ্জামান (২২), তার শ্যালক মো. গালিবের (১৮) এবং ৬টায় সুরাইয়ার (১২) মরদেহ উদ্ধার করেন।
নিহত গালিব তার পিতা আকরামের সাথে ভ্যানে করে এলাকায় সবজি বিক্রি করতেন। এবং নিহত রাশেদুজ্জামান আকরামের মেয়ের জামাই। তিনি কর্মের সন্ধানে সিদ্ধিরগঞ্জে আসেন।
আদমজী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, ডিএনডি লেকে গোসল করতে নেমে তিনজন নিখোঁজ এর খবর পেয়ে আমরা তল্লাশি শুরু করি। ২ ঘন্টা তল্লাশি অভিযান চালিয়ে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ডিএনডি লেকে গোসল করতে নেমে তিনজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি করে ৩ জনের মরদেহ উদ্ধার করে।