শ্রীপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত: যুবসমাজকে রক্ষায় ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২৬
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুখানিয়া এলাকায় মাদকের ভয়াবহতা রোধে এবং তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে এক সচেতনতামূলক ‘মাদক বিরোধী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ জুন ২০২৬ খ্রি. শনিবার, বাদ আছর স্থানীয় চিনাশুখানিয়া নতুন বাজার এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
চিনাশুখানিয়া (৫নং ওয়ার্ড) এর সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ শাহীনুর আলম। তিনি তাঁর বক্তব্যে মাদকের বিরুদ্ধে পুলিশের 'জিরো টলারেন্স' নীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব ডা: মো: গোলাম মুরশেদ মুরাদ। তিনি বলেন, মাদক একটি পরিবার তথা পুরো সমাজকে ধ্বংস করে দেয়। যুবসমাজকে রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে বক্তারা চিনাশুখানিয়াসহ আশেপাশের এলাকাকে সম্পূর্ণ মাদক মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সন্তানদের নৈতিক শিক্ষার প্রতি লক্ষ্য রাখতে অভিভাবকদের অনুরোধ জানান। সমাবেশ শেষে মাদক বিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com