আজ
|| ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
শ্রমিক দলের নাম ব্যবহার করে আধিপত্য বিস্তারের চেষ্টা, অভিযোগ ওয়াসা কর্মচারী দলের
প্রকাশের তারিখঃ ১২ জুন, ২০২৬
চট্টগ্রাম ওয়াসায় জাতীয়তাবাদী শ্রমিক দলের নাম ও লোগো ব্যবহার করে বিগত সরকারের সুবিধাভোগীরা পুনরায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের নেতারা দাবি করেছেন, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা একটি সংগঠন এখন নতুন করে শ্রমিক দলের পরিচয় ব্যবহার করে নিজেদের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে।
চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের নেতাদের অভিযোগ, ২০২৫ সালের পর থেকে কার্যত নিষ্ক্রিয় থাকা চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের ব্যানারে আবারও ঐক্যবদ্ধ হচ্ছেন আওয়ামীপন্থী সুবিধাভোগীরা। তাদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলাল উদ্দীনের ঘনিষ্ঠ আত্মীয় চট্টগ্রাম ওয়াসার ক্যাশিয়ার নুরুল ইসলামের নেতৃত্বে একটি পক্ষ জাতীয়তাবাদী শ্রমিক দলের নাম ও লোগো ব্যবহার করে নিজেদের সংগঠনকে শ্রমিক দলের অন্তর্ভুক্ত বলে প্রচার করছে।
নেতৃবৃন্দ আরও জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত গত ৫ মে ২০২৬ তারিখের একটি সাংগঠনিক নোটিশে সংশ্লিষ্টদের শ্রমিক দলের নাম ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হলেও তা উপেক্ষা করা হচ্ছে।
চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল খান বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত এবং কেন্দ্রীয় কমিটির একমাত্র অনুমোদনপ্রাপ্ত সংগঠন। আমরা চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দকে যেন শ্রমিক দলের প্রতিনিধি হিসেবে বিবেচনা করা না হয়।’
সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়া বলেন, ‘বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আমরাই সংগঠনের ব্যানারে রাজপথে সক্রিয় ছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি আমাদের সংগঠনকেই চট্টগ্রাম ওয়াসাকেন্দ্রিক শ্রমিক দলের একমাত্র বৈধ সংগঠন হিসেবে নিশ্চিত করেছে।’
তবে এ বিষয়ে অভিযোগের বিষয়ে চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.