সাতক্ষীরা প্রতিনিধি:
ভারত সীমান্ত দিয়ে কথিত ‘পুশইন’ বন্ধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় জোটের প্রধান ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। সভায় বক্তব্য দেন এনসিপির জেলা সমন্বয়কারী কামরুজ্জামান বুলু, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, খেলাফত আন্দোলনের জেলা সভাপতি হাফেজ ইমদাদুল হক, জাগপা, এবি পার্টিসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা।
বক্তারা অভিযোগ করেন, সীমান্ত এলাকায় অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা উদ্বেগজনক। তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। এ সময় সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করার পাশাপাশি কূটনৈতিকভাবে বিষয়টির সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।
সভায় নেতৃবৃন্দ সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পুশইন অবিলম্বে বন্ধ, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালীকরণ, অনুপ্রবেশ সংক্রান্ত ঘটনায় স্বচ্ছ তদন্ত এবং জাতীয় স্বার্থে সরকারের সুস্পষ্ট অবস্থান জনগণের সামনে তুলে ধরার দাবি জানান।
সভা শেষে নেতারা বলেন, দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয় জনগণের উদ্বেগ দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
এদিকে, সীমান্ত ইস্যুতে জনসচেতনতা ও দাবিগুলো তুলে ধরতে আগামী ১২ জুন বিকাল ৪টায় ভোমরা স্থলবন্দর এলাকায় ১১ দলীয় জোটের উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে বলে সভা থেকে জানানো হয়েছে।


