আজ
|| ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
দেশের সাত স্থানে সাত খুন
প্রকাশের তারিখঃ ১০ জুন, ২০২৬
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফারুক হোসেন (২৭) নামে এক যুবককে গতকাল মঙ্গলবার প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। এর আগে গত সোমবার রাতে ময়মনসিংহের গফরগাঁওয়ে নাহিয়ান রবিন নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ছাড়া আরও ছয় স্থানে ছয়জনকে হত্যার খবর পাওয়া গেছে।
ফারুক হোসেনকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। নির্মাণ শ্রমিক ফারুক হোসেন উপজেলার হাজিপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
গত সোমবার রাতে ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের মাজার রোড মোড়ে নাহিয়ান রবিন নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সশস্ত্র সন্ত্রাসীরা পথরোধ করে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে নৃশংসভাবে হত্যা করে তাঁকে। নিহত রবিন স্থানীয় সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং মোফাজ্জল হোসেনের ছেলে।
সাভারে নবগঠিত পৌর ছাত্রদলের নেতা রনি ইসলামের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে পৌর এলাকার ছায়াবীথি মহল্লার তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে তার স্ত্রী রিয়া মনির লাশ উদ্ধার করে পুলিশ।
২৯ মে জেলায় কিশোর গ্যাংয়ের সদস্যরা আবু সাইফ বাবু (১৭) নামে এক কিশোরের ওপর হামলা চালায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়। সে শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগের দ্বিতীয় পর্বের প্রথম শিফটের শিক্ষার্থী।
গতকাল দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে ভাতিজা এরশাদের লাঠির আঘাতে নিয়ামত আলী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার কামালহাট গ্রামের ইমান আলীর ছেলে। টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় রেজিয়া বেগম (৭৫) নামে এক নারীকে হত্যা করা হয়েছে। গতকাল উপজেলার গালা ইউনিয়নের মধ্য ধুসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মাছ চুরির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে গতকাল কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দরিয়াবাজ এলাকায় রনি (২৮) নামে একজন খুন হয়েছেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ত্রিশাল এলাকায়।
সিংড়ায় নিখোঁজের ১৫ দিন পর গতকাল মঙ্গলবার মারিয়া বেগম শরিফা (৭৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া শেরকোল বাড়ির পাশে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। তাঁকে হত্যার অভিযোগ উঠেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.