সাতক্ষীরায় নিখোঁজ যুবদল নেতা আবু সেলিমের সন্ধান কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
প্রকাশের তারিখঃ ২৯ মে, ২০২৬
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ আবু সেলিমের সন্ধান ও সুস্থভাবে পরিবারে ফিরে আসার কামনায় এক আবেগঘন মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মে) আছরের নামাজ শেষে আলিপুর চেকপোস্টস্থ ‘মসজিদে বিলাল’-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, ২০১১ সালের ২৯ মে ঢাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন এই জনপ্রিয় যুবনেতা। দীর্ঘ ১৫ বছর পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আবু সেলিমের পিতা, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আলিপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ। এছাড়াও উপস্থিত ছিলেন আবু সেলিমের দুই পুত্র রাদমির ইসলাম ও মো. সিয়াম হোসেন, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম,উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম , সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদীউজ্জামান বাদশা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু'সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, দীর্ঘ দেড় দশক পার হয়ে গেলেও এখনো আবু সেলিমের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে গুম করা হয়। এরপর বহু বছর অতিবাহিত হলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার কোনো তথ্য দিতে পারেনি।
বক্তারা আরও বলেন, “আবু সেলিম ছিলেন এলাকার অত্যন্ত জনপ্রিয়, ত্যাগী ও সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথি। একজন সন্তানের এমন নিখোঁজ থাকা একটি পরিবারের জন্য অসহনীয় কষ্টের। পুরো এলাকাবাসী আজও এ ঘটনায় শোকাহত ও উদ্বিগ্ন।”
তারা দেশে গুম, খুন ও রাজনৈতিক নিপীড়নের সংস্কৃতির তীব্র নিন্দা জানিয়ে অতীতে ঘটে যাওয়া সব গুমের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আবু সেলিমসহ সকল নিখোঁজ ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
মিলাদ মাহফিল শেষে আবু সেলিমের দ্রুত সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে আবেগাপ্লুত হয়ে তার পিতা আলহাজ্ব আব্দুর রউফ কান্নাজড়িত কণ্ঠে সন্তানের ফিরে আসার আকুতি জানান।
মোনাজাত চলাকালে মসজিদজুড়ে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত মুসল্লিরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। আবু সেলিমের সন্ধানে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানিয়েছে তার পরিবার ও এলাকাবাসী।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com