আজ
|| ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র্যাবের আধুনিক বুথ চালু
প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২৬
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার বিভিন্ন পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-৬। এর অংশ হিসেবে জাল নোট শনাক্ত ও অর্থ লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করতে আধুনিক বুথ স্থাপন করেছে বাহিনীটি। এতে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রবিবার (২৪ মে) বিকালে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর পশুর হাটে র্যাব-৬ এর সদস্যরা বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেন। হাটে আগত ক্রেতাদের জাল নোট প্রতিরোধে স্থাপন করা বুথে টাকার সত্যতা যাচাইয়ের সুযোগ দেওয়া হচ্ছে।
র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মুহাম্মদ যিয়াদ বলেন, “ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে জাল নোট লেনদেনের ঝুঁকি থাকে। এ কারণে আমরা এখানে বিশেষ বুথ স্থাপন করেছি, যেখানে যেকোনো ক্রেতা সন্দেহজনক টাকা পরীক্ষা করে নিতে পারবেন। আমাদের টিম সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছে।”
তিনি আরও বলেন, “হাটে কোনো ধরনের চাঁদাবাজি, বখাটেপনা বা অন্য কোনো অপরাধ সংঘটিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষ যেন নিরাপদে কেনাবেচা করতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।”
র্যাব-৬ সিপিসি-১ এর পক্ষ থেকে হাট এলাকায় একটি র্যাব সাপোর্ট সেন্টারও স্থাপন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
হাটে আসা একাধিক ক্রেতা জানান, জাল নোট শনাক্তের বুথ থাকায় তারা অনেক বেশি নিরাপদ বোধ করছেন এবং নির্বিঘ্নে কেনাবেচা করতে পারছেন।
এদিকে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা।
সাতক্ষীরার ব্রহ্মরাজপুর পশুর হাটে অন্যান্য দিনের তুলনায় ক্রেতা-বিক্রেতার উপস্থিতি বেশি থাকায় বেচাকেনাও ছিল জমজমাট। স্থানীয়দের মতে, ঈদ যত ঘনিয়ে আসছে, ততই হাটগুলোতে পশুর সমাগম ও বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.