নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রী সংস্থার মানববন্ধন
প্রকাশের তারিখঃ ২১ মে, ২০২৬
নিজস্ব প্রতিনিধি :
দেশে অব্যাহত শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে এবং শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে প্রতিনিয়ত শিশু ও নারী নির্যাতন এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধ বেড়ে চলেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করার কারণে অপরাধপ্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে মা-বোনেরা ও শিশুরা আজ ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়।
সংগঠনের সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারী সুমাইয়া সাদিয়া কনা তার বক্তব্যে বলেন, “আমরা শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে রামিসার হত্যাকারীসহ সকল নারী ও শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ ছাত্রসমাজকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভানেত্রী ফারিহা মাহজাবিন এবং অফিস ও সংগঠন বিভাগের দায়িত্বে থাকা সারাবান তোহুরা সাথীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। মানববন্ধনে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com