সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে কঠোর বার্তা দিলেন সাতক্ষীরার নতুন এসপি
প্রকাশের তারিখঃ ১৬ মে, ২০২৬
সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেছেন, সমাজে যেন কোনো বিশৃঙ্খলা, দখলবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড না ঘটে, সে বিষয়ে জেলা পুলিশ কঠোর অবস্থানে থাকবে। তিনি বলেন, “অপরাধীর কোনো পরিচয় নেই। পুলিশ বিভাগের কেউ অপরাধে জড়িত থাকলেও পোশাক না দেখে নিরপেক্ষ তদন্ত করা হবে।”
শনিবার (১৬ মে) সকাল ১০টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সাংগঠনিক সম্পাদক আবু সাহিদ বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আমিরুজ্জামান বাবুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় পুলিশ সুপার বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে জেলা পুলিশের প্রধান অগ্রাধিকার। একই সঙ্গে শিশু-কিশোরদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। তিনি বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা বিপথে গেলে সেটা আমাদের সবার জন্য কষ্টের।”
নিজেকে সাতক্ষীরার মানুষ উল্লেখ করে তিনি আরও বলেন, “আমি এখানে যতদিন থাকবো, ততদিন সাতক্ষীরা আমার জীবনের অংশ হয়ে থাকবে।”
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com