জামালপুরের মাদারগঞ্জে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মজনু মিয়া (২২) নামের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক নেতা নিহত হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের কামার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মজনু মিয়া ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাদারগঞ্জ উপজেলার জাতীয় ছাত্রশক্তির সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
জানা গেছে, শুক্রবার সকালে মজনু মিয়া তার বাড়ির পাশে ক্ষেতে ধান কাটতে যান। দুপুর ১টার দিকে বৃষ্টিসহ বজ্রপাত শুধু হয়। এ সময় তার শরীরে বজ্র পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
নিহত মজনু মিয়ার বাবা বাচ্চু মিয়া বলেন, আমার ছেলে সকালে আমাদের ক্ষেতে ধান কাটতে যায়। যখন ঝড়-বৃষ্টি হয়, তখন আমি জুমার নামাজ পড়তে মসজিদে ছিলাম। নামাজ পড়ে এসে শুনি আমার ছেলে মারা গেছে।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান বলেন, মজনু মিয়া মাদারগঞ্জ উপজেলা ছাত্রশক্তির সক্রিয় সদস্য ছিলেন। তিনি অত্যন্ত বিনয়ী, ভদ্র ও অমায়িক একজন ছেলে। আমি মাদারগঞ্জ উপজেলায় যতবার গিয়েছি, প্রায় প্রতিবারই তার সঙ্গে দেখা হয়েছে। এমন একটি শান্ত, ভদ্র ও সম্ভাবনাময় ছেলের মর্মান্তিক মৃত্যু সত্যিই মেনে নেওয়া কঠিন।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ এখনও উদ্ধার করে থানায় আনা হয়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com