সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ
প্রকাশের তারিখঃ ১৫ মে, ২০২৬
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের পরমাছখোলা বাইতুল জান্নাত জামে মসজিদের যুব কমিটির উদ্যোগে আয়োজিত ‘৪০ দিন জামাতে নামাজ’ আদায় প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) জুমার নামাজ শেষে মসজিদ চত্বরে এক আনন্দঘন পরিবেশে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
কিশোর ও যুবকদের মসজিদের প্রতি আকৃষ্ট করা এবং নিয়মিত নামাজে অভ্যস্ত করে তোলার লক্ষ্যে এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ তাকবিরে উলার সাথে (প্রথম রাকাতে ইমামের সাথে) জামাতে আদায় করার শর্তে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। এতে এলাকার মোট ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
নির্ধারিত সময় শেষে মোট ৯ জন প্রতিযোগী সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন করেন এবং চূড়ান্তভাবে পুরস্কৃত হন। শ্রেষ্ঠ প্রতিযোগীকে একটি আকর্ষণীয় বাইসাইকেল প্রদান করা হয়। দ্বিতীয় স্থান অধিকারীকে ঈদুল আজহাকে সামনে রেখে পূর্ণাঙ্গ ঈদ বাজার (নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী) উপহার দেওয়া হয়। তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় জায়নামাজ, টুপি, তসবিহসহ ইসলামি ব্যবহারিক সামগ্রী।
স্থানীয়রা জানান, বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ও বিভিন্ন বিপথগামিতা থেকে দূরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে মসজিদের ইমাম ও খতিব, যুব কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com