ভারতের মুসলমানদের ওপর নিপীড়নের প্রতিবাদে সাতক্ষীরায় নরেন্দ্র মোদী-শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ সমাবেশ
প্রকাশের তারিখঃ ১৫ মে, ২০২৬
ভারতে মুসলমানদের ওপর চলমান নির্যাতন, নিপীড়ন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধ মুসল্লীরা।
শুক্রবার বিকেলে সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও ইসলামিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, ভারতে মুসলমানদের ধর্মীয় অধিকার হরণ, মসজিদ-মাদরাসায় হামলা এবং নিরীহ মুসলমানদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা দাহ করেন। এসময় উপস্থিত জনতার মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের আবহ লক্ষ্য করা যায়।
জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ইমাম সমিতির সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, পৌর সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, হাফেজ কারী সাঈদুর রহমান, মুফতি বাকি বিল্লাহ, সদর থানা মসজিদের ইমাম মাওলানা মুফতি দেলোয়ার হোসেন হুযাইফী, সদর উপজেলা ইমাম সমিতির সেক্রেটারি হাফেজ ওয়াহিদুজ্জামান, মুফতি বাকি বিল্লাহ প্রমুখ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com