আজ
|| ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
সিদ্ধিরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযানে আটক ৭
প্রকাশের তারিখঃ ৮ মে, ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালবিরোধী ঝটিকা অভিযান চালিয়ে দালাল চক্রের সাত সদস্যকে আটক করেছে র্যাব-১১ ও জেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ। অভিযানে র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র্যাব, জেলা প্রশাসন ও জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।
আটককৃতরা হলেন—বিল্লাল (৩১), আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫) এবং তানভীর মাহতাব (৩৩)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষকে নানা কৌশলে হয়রানি ও প্রতারণার অভিযোগে তাদের আটক করা হয়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় আটক সাতজনের মধ্যে চারজনকে ১০ দিন এবং বাকি তিনজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে পাসপোর্ট অফিস এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আশেপাশে অবস্থান নেওয়া অন্যান্য দালালদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেককে দ্রুত এলাকা ত্যাগ করতে দেখা যায়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ বলেন, পাসপোর্ট অফিসে আগত সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। দালাল চক্রের অপতৎপরতা বন্ধে জেলা প্রশাসন ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে এবং নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে।
সেবা নিতে আসা সাধারণ মানুষ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছিল। এমন অভিযান অব্যাহত থাকলে সেবাগ্রহীতারা আরও স্বস্তিতে সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.