নারায়ণগঞ্জ নগরীর মাসদাইরের বোয়ালিয়া খাল এলাকায় দুপুরে হামলার শিকার হবার পর রাতেই সাড়াশি অভিযান চালিয়েছে ব়্যাব ও পুলিশের সদস্যরা।
অভিযানে পাশের এলাকা পশ্চিম দেওভোগের নূর মসজিদ থেকে বিপুল পরিমাণ মাদক, দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও টাকা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৫ মে) রাত নয়টায় শুরু হওয়া রাত সাড়ে বারোটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলমান অভিযানে অন্তত দশজনকে আটকের কথা জানিয়েছেন ব়্যাব-১১ এর উপঅধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।
তবে, তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম জানায়নি ব়্যাব।
তবে, অভিযানে নূর মসজিদ এলাকার দুʼটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫ মন গাঁজা, ১০ থেকে ১২ হাজার পিস ইয়াবা, অন্তত ১০ লাখ টাকা, টাকা গননার মেশিন, ড্রোনসহ বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করার কথা জানান ব়্যাব কর্মকর্তা নাঈম।
এর আগে দুপুরে র্যাবের গোয়েন্দা দল মাদক-সংক্রান্ত তথ্য সংগ্রহের সময় মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় ব়্যাবের উপর হামলা চালিয়ে তিনজনকে আহত করে মাদক ব্যবসায়ীরা। ঘন্টাখানেক পরেই সেখানে ব়্যাব ও পুলিশের বিপুল সদস্যরা ঘটনাস্থল ও আশেপাশে অভিযান চালায়।
এরই ধারাবাহিকতায় থানা পুলিশের সহায়তায় রাত নয়টায় ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ছয়তলা ও একটি দুইতলা বাড়িতে অভিযান চালায় র্যাব।
র্যাব কর্মকর্তা নাঈম উল হক বলেন, “মাদক স্পটটিতে রাসেল ও রাশেদ মাদকের ডিলার। তারা দুই ভাইসহ তাদের সহযোগী রাজু এবং আরও কয়েকজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। চট্টগ্রামের কক্সবাজার থেকে সরাসরি মাদকদ্রব্য নারায়ণগঞ্জে এনে মজুদ রেখে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন তারা।”
জব্দ মালামাল ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।



