বদলির পরও কর্মস্থল ত্যাগ করছেন না সোনারগাঁ থানার বিতর্কিত ওসি
প্রকাশের তারিখঃ ৪ মে, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহকে বদলির আদেশ দেওয়া হলেও এখনো তিনি পূর্বের দায়িত্বেই বহাল রয়েছেন। নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত ওসি গোলাম সারোয়ার এখনো থানার দায়িত্ব গ্রহণ করতে পারেননি। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১ মে) প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবে ওসি মুহিবুল্লাহকে বদলির নির্দেশ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী দ্রুত দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও চাঁর দিন পেরিয়ে গেলেও তা কার্যকর হয়নি। এতে থানার কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এদিকে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার সোনারগাঁ থানায় যোগদানের অপেক্ষায় থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে পাননি। ফলে থানার প্রশাসনিক কার্যক্রম এখনো বর্তমান ওসির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
জানা যায়, ৫ আগস্টের আগে এবং পরে প্রভাবশালী ওসি হিসেবে পরিচিত মুহিবুল্লাহ সোনারগাঁ থানায় থাকতে জোর লবিং করছেন। এর আগে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. মুহিদ ও খুলনা রেঞ্জের ডিআইজি মঈনের আস্থাভাজন হওয়ার সুবাদে ডিএমপির উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং ৫ আগস্টের সময়ও উত্তরা থানায় কর্মরত ছিলেন। উত্তরা থানায় যোগদানের পূর্বে পটুয়াখালী জেলার সদর থানা ও মির্জাগঞ্জ থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। ওসি মুহিবুল্লাহর এক সহকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, ড. মুহিদ ও মুহিবুল্লাহর বাড়ি বরিশাল বিভাগে হওয়ার কারণে তাদের মধ্যে সুসম্পর্ক ছিল। এ কারণে তিনি বিভিন্ন সময় নানাবিধ সুবিধা ভোগ করতেন।
বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ওসি মুহিবুল্লাহর পারিবারিক একটি বিষয় রয়েছে। তার ছেলে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এ কারণে তিনি কিছুদিন সময় চেয়েছেন দায়িত্ব হস্তান্তরের জন্য।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com