আজ শুক্রবার, মে ১, ২০২৬ খ্রিস্টাব্দ

 যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক অঙ্গসংগঠনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যালি, শোভাযাত্রা, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১ মে ২০২৬) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সবুজ বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমজীবী মানুষসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা “মহান মে দিবস” লেখা ব্যানার ও সবুজ বেলুন হাতে নিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার বার্তা তুলে ধরেন। র‍্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, এডিএম রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শ্রমিক অধিদপ্তরের প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকদের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করেই বিশ্বব্যাপী পালিত হয় মহান মে দিবস। বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলেও তারা উল্লেখ করেন।

এদিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সকাল সাড়ে ৮টায় শহরের তুফান কোম্পানির মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। ‘শ্রমিকরা আল্লাহর বন্ধু’ স্লোগানে মুখর এই র‍্যালিতে কয়েক হাজার শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে এক বিশাল সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক গাজী সুজায়েত আলী। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ, যানবাহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে বন্ধ থাকা সুন্দরবন টেক্সটাইল মিল চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান তিনি।

অন্যদিকে ট্রাক ও পরিবহন শ্রমিকদের উদ্যোগেও পৃথক র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। তিনি শ্রমিকদের সমস্যার কথা শোনেন এবং তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এছাড়া সাতক্ষীরায় জাতীয়তাবাদী শ্রমিক দলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনও নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করে। তাদের কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা। এবারের প্রতিপাদ্য ছিল—“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত”।সাতক্ষীরা জেলা শ্রমিক দলের র‍্যালি ও সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় মহান মে দিবস উদযাপন সম্পন্ন হয়।

Exit mobile version