আজ
|| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
আওয়ামী লীগ আমলের ডিবি-ডিএমপির কর্মকর্তাদের সম্পদ অনুসন্ধানে রিট
প্রকাশের তারিখঃ ১ মে, ২০২৬
শেখ হাসিনার শাসনামলে গত ১৭ বছর ধরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও ডিএমপিতে কর্মরত কিছু কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস. এম. জুলফিকুর আলী জুনু রিট আবেদনটি দায়ের করেন। শুক্রবার (১ মে) তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিষ্ক্রিয়তা ও বিলম্বের বিষয়টি উল্লেখ করে অভিযোগগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ নেওয়া, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অনিয়মের অভিযোগ থাকলেও তা কার্যকরভাবে তদন্ত করা হয়নি। ফলে জনমনে আস্থার সংকট তৈরি হয়েছে এবং আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়েছে।
রিটে অভিযুক্ত কর্মকর্তাদের সম্পদের বিস্তারিত হিসাব যাচাই করার নির্দেশনা দেওয়া, দুদককে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ অনুসন্ধান পরিচালনার নির্দেশ দেওয়া এবং ৩০ দিনের মধ্যে অভিযোগসমূহ নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
আইনজীবী জানান, “রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ দীর্ঘদিন ঝুলে থাকা গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকিস্বরূপ। দ্রুত তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।”
এ বিষয়ে হাইকোর্টে রিট শুনানির তারিখ শিগগিরই নির্ধারিত হতে পারে বলে জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.