অবশেষে দুর্নীতিবাজদের পক্ষে থাকা প্রভাবশালী কুচক্রী মহল পরাস্ত হয়েছে। ভূমি অধিগ্রহণ নিয়ে চাঞ্চল্যকর দুর্নীতির রিপোর্ট প্রকাশের পর নরসিংদী জেলার এডিসি (রাজস্ব) মাহমুদা বেগমের বদলি আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে জড়িত দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করাসহ সীমাহীন দুর্নীতিতে নিমজ্জিত এলএ কেস বাতিল করায় মহল বিশেষ প্রভাব বিস্তার করে এডিসিকে বদলি করতে সক্ষম হয়। তবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর হস্তক্ষেপে ২৮ এপ্রিল তা বাতিল করা হয়।
‘জমি অধিগ্রহণে ডিসির নেতৃত্বে বিস্ময়কর কাণ্ড-স্ট্যাম্পে চুক্তি করে ঘুস ভাগাভাগি’ শিরোনামে ২৮ এপ্রিল যুগান্তরে অনুসন্ধানী রিপোর্ট প্রকাশিত হয়। এরপর ভূমি মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট উচ্চপর্যায় থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হয়। ২৭ এপ্রিল এডিসি মাহমুদাকে বদলি করা হলেও প্রথমে এ আদেশ বাতিল করা হয়।
প্রকাশিত রিপোর্ট সম্পর্কে জানতে চাইলে বুধবার ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেন, ‘ঢাকা-সিলেট সড়ক উন্নয়নে চলমান ভূমি অধিগ্রহণ নিয়ে প্রকাশিত দুটি প্রতিবেদনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। আমরা এসব তথ্য ইতিবাচকভাবে নিয়েছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এখন থেকে ভূমিসংক্রান্ত এসব অভিযোগ সরাসরি মন্ত্রণালয় মনিটরিং করবে। এজন্য সফটওয়্যার খোলা হবে ১০ মে থেকে। এদিন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এ সফটওয়্যার উদ্বোধন করবেন।
ভূমি সচিব বলেন, ভূমি অধিগ্রহণে অনিয়ম-দুর্নীতির শেকড় পর্যন্ত তুলে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। কারণ দুর্নীতি পুরোপুরি বন্ধ চায় সরকার। দুর্নীতির সঙ্গে জড়িতদের চাকরি থেকে বিদায় করে নতুন কর্মী নিয়োগ দেওয়ার চিন্তা করছি।
এদিকে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদন দেখে ভূমিমন্ত্রী তাৎক্ষণিকভাবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগমের সঙ্গে মুঠোফোন কথা বলেন। এডিসি মাহমুদাকে মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ‘অনতিবিলম্বে এ বদলি আদেশ বাতিল হবে। আপনি নরসিংদীতেই থাকবেন এবং জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী আপনার ভূমিকা অব্যাহত রাখবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আপনার মতো সৎ, মেধাবী ও দেশপ্রেমিক কর্মকর্তাদের খুঁজছেন।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com