প্রতিবাদে থামল কাজ, পরে ১ নম্বর ইটে ফের শুরু রাস্তা সংস্কার
প্রকাশের তারিখঃ ২৯ এপ্রিল, ২০২৬
সাতক্ষীরা সদর উপজেলার ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা দাশপাড়া থেকে ধুলিহর ইউনিয়নের বড়দল ভাগ্যের মোড় পর্যন্ত চলমান রাস্তা সংস্কার কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে এলাকাজুড়ে উত্তেজনা দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পিসি (PIC) প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন এই উন্নয়ন কাজে চুক্তি অনুযায়ী ১ নম্বর ইট ব্যবহার করার কথা থাকলেও শুরুতে ৩ নম্বর ইট দিয়ে কাজ চালানো হচ্ছিল। এতে রাস্তার স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে শঙ্কা তৈরি হয় এলাকাবাসীর মধ্যে।
এলাকাবাসীর অভিযোগ, “এই রাস্তা আমাদের দৈনন্দিন চলাচলের একমাত্র ভরসা। নিম্নমানের ইট ব্যবহার করলে অল্প সময়েই রাস্তা নষ্ট হয়ে যাবে।”
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় যুবক ও বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। পরে তাদের চাপের মুখে সংশ্লিষ্টরা ১ নম্বর ইট ব্যবহার করে পুনরায় কাজ শুরু করেন বলে জানা গেছে।
এ বিষয়ে পিসি (PIC) সংশ্লিষ্টদের সাথে কথা বললে তারা জানান, “আমরা ১ নম্বর ইটই নির্বাচন করেছি। তবে ভাটার মালিক নিম্নমানের ইট সরবরাহ করলে তাৎক্ষণিকভাবে সব সময় নিয়ন্ত্রণ করা কঠিন।”
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এলাকাবাসী দ্রুত তদন্ত ও কাজের গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে টেকসই ও মানসম্মত রাস্তা নির্মাণ সম্ভব হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com