বরিশাল নগরের প্রাণকেন্দ্র সদর রোডে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৭ এপ্রিল) শুক্রবার জুমার নামাজ শেষে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে তারা এই বিক্ষোভ মিছিল করেন। তবে আকস্মিক এ মিছিল ঘিরে এলাকায় স্বল্প সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পুলিশ পৌঁছানোর পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে বিবিরপুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাকুলীর মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে অগ্রসর হয়।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের বহন করা ব্যানারে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচার দাবির কথা উল্লেখ ছিল। ব্যানারে দলটির শীর্ষ নেতাদের ছবিও দেখা যায়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের অধিকাংশের মুখে সার্জিক্যাল মাস্ক, কারো মুখ কালো কাপড়ে ঢাকা ছিল এবং এ সময় চোখে চশমা পরা থাকায় তাদের শনাক্ত করা কঠিন ছিল।
মিছিলে প্রায় ৩০ জন অংশ নেন। কিছু সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর মিছিলটি দ্রুত আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই অংশগ্রহণকারীরা এলাকা ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনার সময় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা তেমন চোখে পড়েনি। পরে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এ ধরনের ঝটিকা কর্মসূচি নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন-উল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘জুমার নামাজের পর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কতিপয় কর্মী কাকুলীর মোড় ট্রাফিক পুলিশ বক্সের অদূরে ঝটিকা মিছিল করেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছানোর আগেই তারা দ্রুত সটকে পড়েন।
এই বিষয়ে পুলিশ বেশ তৎপর। মিছিলকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com