আজ
|| ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
মাদক নির্মূলে যৌথ অভিযান জোরদারের আহ্বান এমপি আল আমিনের
প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন মাদক নির্মূলে র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান জোরদারের আহ্বান জানিয়েছেন।
রোববার (১২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টানা তিন ঘণ্টা অনুষ্ঠিত মাসিক জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও নাগরিক ভোগান্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, “নারায়ণগঞ্জে সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলার কিছুটা অবনতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ঝুট ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষ ও মাদক ব্যবসায়ীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয় গুরুত্বের সঙ্গে সভায় আলোচনা করা হয়েছে।”
তিনি জানান, মাদক নির্মূলে ইতোমধ্যে র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে অভিযান শুরু হয়েছে। তবে তা আরও জোরদার ও সমন্বিতভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, “কোনো রাজনৈতিক দলের পরিচয়ে কেউ যেন অপরাধ করে পার না পায়। অপরাধী যেই হোক, যে দলেরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা চাই নারায়ণগঞ্জবাসী আবারও নিরাপত্তা ও আস্থা ফিরে পাক।”
জনদুর্ভোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় ফুটওভার ব্রিজ ও স্পিড ব্রেকার না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়ক ও জনপথ কর্তৃপক্ষ সেখানে ফুটওভার ব্রিজ নির্মাণের অনুমোদন দিয়েছে, যা বাস্তবায়নে প্রায় তিন মাস সময় লাগবে।
তিনি বলেন, “এর আগে অন্তত স্পিড ব্রেকার বসানো প্রয়োজন, কারণ প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।”
সবশেষে তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা গেলে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.