আজ
|| ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শ্রীপুরে অনন্যা ও অনন্যা ক্লাসিক পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
প্রকাশের তারিখঃ ১০ এপ্রিল, ২০২৬
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় অনন্যা ও অনন্যা ক্লাসিক পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ মহাসড়কের রাজাবাড়ি বাজার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে বিপরীত দিক থেকে আসা বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়ায়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিকের একটি বাস এবং ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের বাস ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষটি ঘটে। এতে দুই বাসের চালক গুরুতর আহত হন। এছাড়া যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ১৫ থেকে ২০ জন আহত হন।
আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
স্থানীয় বাসিন্দা সজীব বলেন, “হঠাৎ বৃষ্টির মধ্যে বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে সজোরে ধাক্কা দেয়। এতে অনেক যাত্রী আহত হন।”
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, ঘটনাটি হাইওয়ে থানার অধীনে হওয়ায় সেখানে হাইওয়ে পুলিশ কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর বিকেল সাড়ে ৩টার দিকে ক্ষতিগ্রস্ত বাস দুটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.