আজ
|| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরায় গণভোট বাস্তবায়নের দাবিতে মাঠে ১১ দলীয় জোট
প্রকাশের তারিখঃ ৯ এপ্রিল, ২০২৬
সাতক্ষীরা প্রতিনিধি :
জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় শহরের নিউমার্কেট চত্বর থেকে তুফান কোম্পানি মোড় সংলগ্ন সড়ক পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির মাধ্যমে পথচারী ও দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, এনসিপির জেলা আহ্বায়ক কামরুজ্জামান বুলু, বিডিপির সদস্য সচিব, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওবায়দুল্লাহ, সহকারী সেক্রেটারি ও মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক, শহর আমীর জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল বলেন, অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। তার মতে, গণভোট বাস্তবায়িত হলে দলীয়করণ ও একনায়কতন্ত্রের অবসান ঘটবে এবং সংসদে উচ্চকক্ষ গঠন সম্ভব হবে।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লব মূলত ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য রচিত সাংবিধানিক কাঠামো সংস্কারের আন্দোলন। “আমাদেরকে জেল-জুলুম, অত্যাচারের ভয় দেখিয়ে থামানো যাবে না। জনগণের স্বার্থে আমরা রাজপথে আছি এবং থাকব,”—যোগ করেন তিনি।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, গণভোট যদি অবৈধ হয়, তবে সংসদ নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তিনি অভিযোগ করে বলেন, জনগণের বিপক্ষে অবস্থান নেওয়া সরকারই ফ্যাসিবাদী শাসন কায়েম করে। বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী শাসন চলতে দেওয়া হবে না।
কর্মসূচিতে বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর করা এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.