আজ
|| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
বদলি বাণিজ্যে শতকোটি টাকার অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২৬
অবৈধ প্রক্রিয়ায় সাব-রেজিস্ট্রারদের ব্যাপক বদলির মাধ্যমে শতকোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার ব্যক্তিগত সহকারী মাসুমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন দুদকের কার্যালয়ে এই আবেদন জমা দেন। আবেদনের সঙ্গে ‘৮ মাসে সাব-রেজিস্ট্রার বদলিতে ঘুষ লেনদেন শতকোটি’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন সংযুক্ত করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে মাত্র আট মাসে আইন মন্ত্রণালয়ের অধীনে সাব-রেজিস্ট্রারদের বদলি কেন্দ্র করে বিপুল পরিমাণ ঘুষ লেনদেন হয়েছে। অভিযোগ রয়েছে, এ সময় বদলির ক্ষেত্রে কোনো নীতিমালা অনুসরণ করা হয়নি এবং আর্থিক লেনদেনের ভিত্তিতেই অধিকাংশ বদলি সম্পন্ন হয়েছে।
তথ্য অনুযায়ী, অক্টোবর ২০২৪ থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত সময়ে নিবন্ধন অধিদপ্তরের ৪০৩ জন সাব-রেজিস্ট্রারের মধ্যে অন্তত ২৮২ জনকে বদলি করা হয়। এর মধ্যে প্রায় ২০০ জন ঘুষের মাধ্যমে পছন্দের কর্মস্থল নিশ্চিত করেন। প্রত্যেকের কাছ থেকে গড়ে ৫০ থেকে ৬০ লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
বিধিমালা অনুযায়ী ‘এ’, ‘বি’ ও ‘সি’ গ্রেডের কর্মকর্তাদের একই গ্রেডের কার্যালয়ে পদায়ন করার কথা থাকলেও বাস্তবে তা মানা হয়নি। বরং ঘুষের বিনিময়ে নিম্ন গ্রেডের কর্মকর্তাদের উচ্চ গ্রেডের অফিসে পদায়ন করা হয়েছে। অন্যদিকে ঘুষ দিতে অস্বীকৃতি জানানো কর্মকর্তাদের নিম্ন গ্রেডে বদলি বা একাধিকবার স্থানান্তরের মাধ্যমে চাপ প্রয়োগ করা হয়েছে।
এমনও অভিযোগ পাওয়া গেছে যে, কোনো কোনো কর্মকর্তাকে যোগদানের আগের দিনই পুনরায় অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে ওঠে যে, গত বছরের ১ জুন আইন মন্ত্রণালয় একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করে জানায়—বদলি ও পদায়নে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই এবং এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তবে অভিযোগ অনুযায়ী, এই সতর্কতা জারির আগেই অধিকাংশ অনিয়ম সংঘটিত হয় এবং পরবর্তীতে আর কোনো বদলির আদেশ দেওয়া হয়নি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.