আজ
|| ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শ্রীমঙ্গলে হাসপাতালের কোয়ার্টার থেকে ‘কালনাগিনী’ উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত
প্রকাশের তারিখঃ ৭ এপ্রিল, ২০২৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলা থেকে একটি ‘কালনাগিনী’ সাপ উদ্ধার করা হয়েছে।
পরে সাপটিকে বন বিভাগের মাধ্যমে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
সোমবার রাত প্রায় ৮টার দিকে ওই কোয়ার্টারের শ্রাবণ পালের বাসা থেকে সাপটি উদ্ধার করা হয় বলে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক জানান।
শ্রাবণ পালের বাসায় পরিবারের সদস্যরা হঠাৎ একটি সাপ দেখতে পান। আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে যান।
পরে বিষয়টি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিমকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে সাপটি উদ্ধার করে।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল বলেন, “কালনাগিনী সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মাধ্যমে সেটি আমাদের কাছে হস্তান্তর করা হয়।
“এরপর দুই থেকে তিন ঘণ্টা পর্যবেক্ষণে রেখে রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় সাপটিকে অবমুক্ত করা হয়।”
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব বলেন, “কালনাগিণী সাপ বর্তমানে খুব একটা দেখা যায় না। এটি মূলত বনাঞ্চলে বসবাস করে এবং এ সাপকে ঘিরে নানা ধরনের লোককাহিনী ও পৌরাণিক বিশ্বাস প্রচলিত রয়েছে।”
কোথাও কালনাগিনী সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান সীতেশ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.