চট্টগ্রামে থানা লুটের অস্ত্র ব্যবহার হচ্ছে ছিনতাই-চাঁদাবাজিতে
প্রকাশের তারিখঃ ৫ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামে পেশাদার অপরাধী ধরা পড়লেই মিলছে পুলিশের লুট হওয়া অস্ত্র। ছিনতাই, চাঁদাবাজি, খুনসহ নানা অপকর্মে এসব অস্ত্র ব্যবহার হয়। মহানগর ও জেলার ১০ থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে প্রায় দেড়শ পিস্তল এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, এগুলো সন্ত্রাসীদের হাতে রয়েছে।
গত এক বছরে সন্ত্রাসীদের কাছ থেকে এক ডজনের বেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সর্বশেষ গত ১০ মার্চ নগরীর ২ নম্বর গেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ বাহিনীর সদস্য মনিরুল হকের দেহ তল্লাশি করে ডবলমুরিং থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, আল-ফালাহ্ গলির একটি বাসা থেকে অত্যাধুনিক এসএমজি ও গুলি উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার পুলিশ আদালতে আবেদন করে সরকারি কাজে ব্যবহারের জন্য পিস্তলটি জিম্মায় নিয়েছে।
এ অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার এসআই বাহার মিয়া বলেন, সন্ত্রাসী মনিরুল হক ও আবু নোমান মো. সায়েরের কাছ থেকে ডবলমুরিং থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও একটি এসএমজি উদ্ধার করা হয়েছে। পিস্তলটি সরকারি কাজে ব্যবহার করার জন্য আবেদন করার পর আদালত জিম্মায় দিয়েছেন। থানা লুটের অস্ত্র দিয়ে নগরীতে চাঁদাবাজিসহ নানা অপরাধ করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, থানা থেকে লুট হওয়া যেসব পিস্তল ও অন্য অস্ত্র উদ্ধার হয়েছে, সেগুলো আদালত থেকে জিম্মায় নিয়ে তারা আবার সরকারি কাজে ব্যবহার করছেন। প্রায় দেড়শ অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম নগরীর ১৬টি থানার মধ্যে আটটি থানা ও আটটি ফাঁড়ি থেকে ৯৪৫টি অস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে ৮০০ অস্ত্র উদ্ধার হয়। এ ছাড়া চট্টগ্রাম জেলা পুলিশের রাউজান, লোহাগাড়াসহ বেশ কয়েকটি থানা থেকে অস্ত্র লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। লুট করা অস্ত্র দিয়ে পেশাদার সন্ত্রাসীরা চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে বলে পুলিশের তদন্তে জানা গেছে।
গত বছর ১০ নভেম্বর রাউজানের নোয়াপাড়ার চৌধুরীহাট বাজারসংলগ্ন একটি বাড়ির পেছনের পুকুর সেচে একটি চায়নিজ রাইফেল, একটি শটগান ও সাতটি গুলি উদ্ধার করে পুলিশ। রাউজানের বিএনপিকর্মী আবদুল হাকিম খুনের মামলায় গ্রেপ্তার দুই আসামি মো. সাকিব ও মুহাম্মদ শাহেদের দেওয়া তথ্য অনুযায়ী পুকুর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এগুলো ২০২৪ সালে রাউজান থানা থেকে লুট করা হয়েছিল।
সাতকানিয়ায় গণপিটুনিতে নিহত সন্ত্রাসী নেজাম উদ্দিনের মরদেহের পাশ থেকে থানা লুটের একটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ। পিস্তলটি চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা থেকে লুট হয়েছিল। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ চক্রের ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত ১৬ জানুয়ারি লোহাগাড়া উপজেলার তেলিবিলা এলাকা থেকে দুটি অস্ত্র, গুলিসহ মো. রিফাত নামে এক পেশাদার সন্ত্রাসীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এর মধ্যে একটি অস্ত্র ছিল থানা লুটের। ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া একটি এলজিসহ ইউসুফ শান্ত নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রাম নগরের চৌমুহনী চারিয়াপাড়া এলাকায় তার বসতঘর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। ২০২৫ সালের ২০ ডিসেম্বর ঢাকার শেরেবাংলা নগর এলাকা থেকে পেশাদার সন্ত্রাসী সুমন হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সুমনকে সঙ্গে নিয়ে তার লক্ষ্মীপুর জেলার নিজ বাড়িতে মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ।
নগরের হালিশহর থানা থেকে এটি লুট হয়েছিল। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি নগরীর পাহাড়তলী থানার রানী রাসমণি ঘাট গোলচত্বর এলাকায় একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলিসহ ছিনতাইকারী মাঈনুল ইসলাম মামুন ও মো. জামালকে গ্রেপ্তার করা হয়। পাহাড়তলী থানার মালখানা থেকে অস্ত্র ও গুলি লুট করেছিল তারা। এ অস্ত্র ব্যবহার করে ছিনতাই করে আসছিল তারা। পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ জানান, থানা থেকে লুটের অস্ত্রসহ গ্রেপ্তার দুজন পেশাদার ছিনতাইকারী। তারা থানায় লুটপাটে অংশ নিয়ে পিস্তল ও গুলি নিয়ে যায়।
২০২৫ সালের ২৮ আগস্ট নগরীর ইপিজেড থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও আট রাউন্ড গুলি বাগেরহাটের মোংলা থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত মোংলার মালগাজি গ্রামের বাসিন্দা কামাল হাওলাদার এবং তার সহযোগী মো. মানিককে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া অপরাধীদের অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com