আজ
|| ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
ঝালকাঠির ৭ হাজার লিটার ডিজেল শরীয়তপুরে!
প্রকাশের তারিখঃ ১ এপ্রিল, ২০২৬
শরীয়তপুরের নড়িয়াতে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে আনা ৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার ভোজেশ্বর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ভোজেশ্বর বাজারে জুয়েল সরদার নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে খুচরা পর্যায়ে ডিজেল বিক্রি করে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি অবৈধভাবে ৭ হাজার লিটার ডিজেল তেলবাহী লরির মাধ্যমে নিয়ে আসেন, যা বরিশালের ডিপো থেকে ঝালকাঠির উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। বিষয়টি প্রশাসনকে জানায় জাতীয় গোয়েন্দা সংস্থা।
পরবর্তী সময়ে নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস ঘটনাস্থলে এসে ব্যবসায়ীকে তৎক্ষণাৎ আটক করেন। জুয়েল সরদার অবৈধভাবে ডিজেল আনার কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল আগামীকাল নিলামে বিক্রি করা হবে।
লাকী দাস বলেন, ডিজেলগুলো বরিশাল থেকে ঝালকাঠি যাওয়ার কথা ছিল। তবে ব্যবসায়ী নিজের এলাকায় বিক্রির উদ্দেশ্যে অননুমোদিতভাবে নিয়ে আসেন। পদ্মা ডিপোর সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি তারা এখান বিক্রি করেনি। তাই তাকে আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ডিজেল জব্দ করা হয়েছে। ডিজেল উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.