
নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুম মোস্তফা উপস্থিত থাকায় পূর্বধলায় উপজেলা প্রশাসনের আয়োজিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান বর্জন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্বধলা উপজেলার জগত মনি উচ্চবিদ্যালয় মাঠে এ কুচকাওয়াজের আয়োজন করা হয়।
স্থানীয়রা জানান, নেত্রকোনা-৫ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য মাসুম মোস্তফা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকায় পূর্বধলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের একাংশের সদস্যরা এতে অংশগ্রহণ থেকে বিরত থাকেন।
পূর্বধলা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নিজাম উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধা কমান্ডারের নির্দেশ ছিল অনুষ্ঠান বয়কট করার।
জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি, তাই তাদের উপস্থিতিতে আমরা কোনো কর্মসূচিতে অংশ নিতে পারি না।
বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান জানান, আমরা প্রশাসনকে বিষয়টি আগে থেকেই অবহিত করেছিলাম। জামায়াতের এমপি আসার খবর পেয়ে অনুষ্ঠানে যাইনি। পরে তিনি চলে গেলে প্রশাসনের অনুরোধে পরবর্তী আয়োজনে যোগ দিই এবং সম্মাননা গ্রহণ করি।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান বলেন, সব মুক্তিযোদ্ধা অনুপস্থিত ছিলেন না, কয়েকজন সকালের অনুষ্ঠানে অংশ নেননি। কুচকাওয়াজ শেষে তারা সবাই যোগ দেন। মূল অনুষ্ঠানে এমপি উপস্থিত ছিলেন না।
এমপি মাসুম মোস্তফা বলেন, স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিএনপির একটি অংশ আমার অংশগ্রহণে আপত্তি জানিয়েছিল।
আমি প্রশাসনকে আগেই জানিয়েছিলাম যে সব কর্মসূচিতে অংশ নেব। তবে একটি গ্রুপ বয়কট করায় পরিস্থিতি বিবেচনায় আমি তাদের অনুষ্ঠানে উপস্থিত থাকিনি।

