সাতক্ষীরায় গণহত্যা দিবস পালন, বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২৬
ভয়াল ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। দিনটি স্মরণে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় শহরের সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আফরোজা আখতার পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকারসহ জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি, সাতক্ষীরায় গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, স্মৃতিচারণ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা মোস্তাক আহমেদ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর ‘অপারেশন সার্চলাইট’-এর নামে চালানো নৃশংস গণহত্যার ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, ওই রাতে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়।
বক্তারা আরও উল্লেখ করেন, সাতক্ষীরাতেও সেই সময় নির্মম হত্যাযজ্ঞ সংঘটিত হয়। প্রাণভয়ে সীমান্তের দিকে পালিয়ে যাওয়া সাধারণ মানুষ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিলে সেখানে চার শতাধিক নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়, যা ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে।
তাঁরা বলেন, জাতির এই শোকাবহ দিনটি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com