আজ
|| ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
ফাঁড়িতে জুয়া, দুই এসআইসহ তিন পুলিশ সদস্য ক্লোজড
প্রকাশের তারিখঃ ১৫ মার্চ, ২০২৬
গাইবান্ধা পুলিশ ফাঁড়িতে অসামাজিক কাজ ও জুয়ার আসর চলে আসছিল দীর্ঘদিন ধরে। এতে পুলিশ ফাঁড়ির অভ্যন্তরে হওয়ায় বিষয়টি ছিল খুবই গোপনীয়।
জুয়ার ভিডিও ফুটেজ গোপনে ধারণ করেন পুলিশ সদস্যদের মধ্যে লুকিয়ে থাকা সদস্যরা। তারা পুলিশকে না জানিয়ে ভিডিওটি সাংবাদিকদের হাতে তুলে দেন।
সাংবাদিকরা ভিডিওটি পেলে ১৪ মার্চ খবর ছাপা হলে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে আসে। শনিবার পুলিশ সুপারের নির্দেশে গাইবান্ধা সদর থানার এসআই বুলবুল, টিএসআই আকতার হোসেন ও রকিবসহ তিন পুলিশকে ফাঁড়ি থেকে ক্লোজ করা হয়। বলা হয় বিষয়টি তদন্ত চলছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আশপাশের লোকজন জানান, গাইবান্ধা শহরের ডেভিট কোম্পানিপাড়ায় অবস্থিত পুলিশ ফাঁড়িতে দীর্ঘদিন ধরে পুলিশ ও চিহ্নিত কিছু মাদক কারবারির যাতায়াত ছিল। মাদক ব্যবসা থেকে শুরু করে নানারকম অসামাজিক কার্যকলাপ চলে আসছিল বিশাল ফাঁড়ির বিভিন্ন কক্ষে। শহরের চুরি ডাকাতি-ছিনতাই থেকে শুরু করে মাদক ব্যবসার টাকা-পয়সা কমিশন ভাগাভাগি হতো এ পুলিশ ফাঁড়িতে বসেই। শহরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভূমিকা রাখার কথা থাকলেও পুলিশ ফাঁড়িতে কখনো কোনো অপরাধ প্রতিরোধের কাজ করতে শোনা যায়নি।
যারা পোস্টিং পেয়ে ফাঁড়িতে দায়িত্ব পালন করছেন তারা দিনরাত জুয়া খেলতেন আর অপরাধীদের সঙ্গে সখ্য গড়ে তুলে কাজ করতেন। সেই কারণে গাইবান্ধা শহরে প্রতিদিন গড়ে অন্তত ৪-৫টি চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটলেও ফাঁড়ি পুলিশের কোনো ভূমিকা ছিল না বলে শহরবাসীর অভিযোগ। কয়েক দিন আগে পুলিশ ফাঁড়িতে বসে টিএসআই আকতার হোসেন তার দলবল নিয়ে জুয়া খেলায় মগ্ন ছিলেন। তাদের মধ্যে অপরাধীরাও ছিল। তাদের মোবাইলে ধারণ করা হয় জুয়া খেলার ভিডিও। তারপর দর কষাকষি হয়; কিন্তু নাছোরবান্দা ভিডিও ধারণকারী পুলিশ সদস্য জুয়া খেলার ভিডিওটি সাংবাদিকের হাতে তুলে দেন। এ ঘটনায় তোলপাড় শুরু হলে নড়েচড়ে বসে গাইবান্ধা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।
এর আগে গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দিনকে প্রশ্ন করা হলে তিনি ঘটনার পেছনের বিভিন্ন ঘটনার কথা তুলে ধরে বলেন, অসামাজিক কার্যকলাপ ও অর্থ লেনদেনের বিষয়টি ঠিক নয়, ভিডিওটি মূলত নির্বাচন-পরবর্তী সময়ে পুলিশ ডিউটি শেষে এসে ফাঁড়ির একটি রুমে বসে তাস খেলে বিনোদন করছিলেন। সুযোগ বুঝে তাদের মধ্যে হয়তো কে বা কারা কৌশলে ভিডিও করেছে। তারপরও বিষয়টি অবশ্য অন্যায় সেই কারণে বিভাগীয় তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.