
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ডাঃ সোহরাব শেখ নামের এক ভুক্তভোগী। দ্রুত রাস্তা উন্মুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।
বুধবার বিকেল চারটার দিকে হোতাপাড়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ডাঃ সোহরাব হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা একটি রাস্তা ব্যবহার করে নিজেদের বসতবাড়িতে যাতায়াত করে আসছেন। সম্প্রতি কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ওই রাস্তা অবৈধভাবে দখল করে বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। এতে তাঁর পরিবারসহ আশপাশের কয়েকটি পরিবার চরম ভোগান্তিতে পড়েছে।
তিনি বলেন, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় জরুরি প্রয়োজনে যাতায়াত, অসুস্থ রোগী হাসপাতালে নেওয়া এবং শিশুদের স্কুলে যাতায়াতে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো কার্যকর সমাধান না পেয়ে আদালতে মামলা পর্যন্ত করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জয়দেবপুর থানায় একাধিক লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, বোকরান মনিপুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি রাস্তা পারিবারিক ও স্থানীয় চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু স্থানীয় কিরণ শেখ, মোস্তাফিজুর রহমান শেখসহ কয়েকজন ব্যক্তি ওই রাস্তা দখলের চেষ্টা করছেন এবং সংস্কার করতে গেলেও বাধা দিচ্ছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা কিছুদিন পূর্বে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেন। এ নিয়ে প্রতিবাদ করলে ভুক্তভোগীদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ডাঃ সোহরাব শেখ ঘটনাটি দ্রুত তদন্ত করে রাস্তা দখলমুক্ত করা এবং নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

