সোনারগাঁ(প্রতিনিধি): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা অবৈধভাবে গড়ে উঠা ৫ শতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উভয় পাশের অবৈধ দোকান পাট উচ্ছেদ করা হয়। মোগরাপাড়া চৌরাস্তা এলাকার যানজট নিরসনে এ উচ্ছদ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ ও সোনারগাঁ উপজেলা প্রশাসন। অভিযানে ফলের দোকান, মিষ্টি, কাপড়ের দোকান, জুতার দোকান, কনফেকশনারী, সবজির দোকান উচ্ছেদ করা হয়। এদিকে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও লাইসেন্স বিহীন সিএনজি সড়কে রাখার অপরাধে দুলাল আহমেদ নামের একজনকে তিনদিনের কারাদন্ড ও জনি মিয়া নামের একজনকে ভ্রাম্যমান আদালত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ভ্রাম্যমান আদালত বসিয়ে এক হাজার টাকা বরেছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি চক্র সড়ক ও জনপদ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে দোকানপাট নির্মাণ করে ভাড়া আদায় করে থাকে। বার বার উচ্ছেদ অভিযান পরিচালনা করেও কোনভাবেই তাদের স্থায়ীভাবে উচ্ছেদ করা সম্ভব হয়নি। এ দোকানপাট নির্মাণের ফলে ওই এলাকায় যানজট লেগেই থাকে। ফলে ওই এলাকায় চলাচলরত পথচারীরা দূর্ভোগে পড়ে। গত মঙ্গলবার নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা মোগরাপাড়া চৌরাস্তা পরিদর্শন করে জনসাধারণের দূর্ভোগ লাঘবে অবৈধ দখলদারদের উচ্ছেদের সিদ্ধান্ত নেন। পরে অবৈধ দখলদারদের ২৪ ঘন্টার মধ্যে নিজ দায়িত্বে মালপত্র নিয়ে সরে যাওয়ার সময় বেঁধে দেন। এছাড়াও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য পরদিন বুধবার গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। গণ বিজ্ঞপ্তির নির্দেশ অমান্যকারীদের ৬ মাসের জেল ও জরিমানার হুশিয়ারী দেন। গণ বিজ্ঞপ্তির নির্দেশ অমান্য করে দখলদাররা সরে না যাওয়ার কারনে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সড়কের উভয় পাশের ৫ শতাধিক দোকানপাট উচ্ছেদ করে। উচ্ছেদ অভিযানে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সোনারগাঁ সার্কেল মো. তৈফিকুর রহমান, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপ-সহকারি প্রকৌশলী মো. আল রাজী লিয়ন, সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ, কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইনচার্জ বিষ্ণুপদ শর্মাসহ বিপুল পরিমাণ পুলিশ ও সড়ক জনপথ অধিদপ্তরের (সওজ) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, দীর্ঘদিন ধরে তারা মহাসড়ক দখল করে দোকান বসিয়ে যানজট সৃষ্টি করে রাখে। ফলে পথচারীদের চলাচল অসুবিধা সৃষ্টি হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করে মহাসড়কে থাকা সব অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতেও তারা যেনো মহাসড়কে বসতে না পারে সেজন্য পদক্ষেপ নেওয়া হবে।



