
বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এর ৮ আরবি থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ভাদিয়ালী এলাকায় অভিযান চালায়। এ সময় কলারোয়া থানাধীন উক্ত স্থান থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসব ওষুধ পাচারের চেষ্টা করছিল। চোরাচালানের ফলে একদিকে যেমন দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
জব্দকৃত ভারতীয় ওষুধ সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে সন্তোষ প্রকাশ করে স্থানীয় জনগণ চোরাচালান বিরোধী অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি।

