
সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটে হঠাৎ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে সাতক্ষীরা জেলা। কয়েক সেকেন্ডের এই কম্পনে জুমার নামাজের সময় মুসল্লিসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আকস্মিক এই ভূকম্পনে কয়েক সেকেন্ড ধরে কেঁপে ওঠে পুরো জেলা, এতে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাতক্ষীরা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩ থেকে ৫.৪। এর উৎপত্তিস্থল ছিল আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন এলাকায়। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের সময় হঠাৎ তীব্র ঝাঁকুনি শুরু হলে মসজিদে থাকা মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নামাজ ছেড়ে দ্রুত খোলা জায়গায় বেরিয়ে আসেন। শহরের বহুতল ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে লোকজন রাস্তায় নেমে আসে।
ভূমিকম্পের প্রভাবে সাতক্ষীরা সদর, আশাশুনি, কালিগঞ্জ ও তালা উপজেলায় কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়।
কয়েকটি এলাকায় পুরোনো ভবনের দেয়ালে ফাটল দেখা গেছে এবং কিছু কাঁচা ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আতঙ্কে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলেও স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফেকার আলী রিপন ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ শুরু করেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

