
গাজীপুরের শ্রীপুরে নিজ পৈতৃক সম্পত্তি রক্ষা করতে গিয়ে এক কৃষক ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। জমি দখল ও জোরপূর্বক বিক্রির চেষ্টার জেরে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া এলাকায় সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক জমি অত্যন্ত কম দামে কিনে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। চক্রটির নেতৃত্বে থাকা মাসুদ রানা এবং তার সহযোগীরা জমিগুলো সস্তায় কিনে পাশের একটি প্রকল্পে উচ্চ মূল্যে বিক্রি করার পরিকল্পনা করেছিল।
ভুক্তভোগী কৃষক মানিক মিয়া জমি বিক্রিতে অস্বীকৃতি জানালে চক্রটি ক্ষিপ্ত হয়ে ওঠে। সোমবার বিকেলে মাসুদ রানা তার সহযোগী সবুজ, জাহাঙ্গীর, মনির, আলম, শফিকুল ও জাহাঙ্গীর হোসেনসহ ১০-১২ জনের একটি সশস্ত্র দল নিয়ে মানিক মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা মানিক মিয়াকে বেধড়ক মারধর করে এবং ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। মারাত্মক আহত অবস্থায় মানিক মিয়াকে উদ্ধার করে স্থানীয় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, নিজের ভিটেমাটি রক্ষা করতে গিয়ে একজন নিরীহ কৃষকের ওপর এ ধরনের নৃশংস হামলা সমাজে আইনশৃঙ্খলার সম্পূর্ণ অবনতির পরিচয় বহন করে।

