
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাঙ্গা ও মাদরা বিওপির আভিযানিক দল দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালায়।
কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৩ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
অন্যদিকে, মাদরা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১২ আরবি হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দা মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় নেহা মেহেদী জব্দ করে।
এ অভিযানে সর্বমোট ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করা হয়।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। ভারতীয় পণ্যের এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

