
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড.আব্দুল্লাহ আল আমিন বলেন, আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় যদি উপযুক্ত জ্ঞান ও মেধাকে কাজে লাগাই ইনশাআল্লাহ দেখবো যে আমাদের ভাষাটাও সম্মান পাবে আমাদের দেশটাও সম্মান পাবে এবং আমরা জাতিগতভাবে এগিয়ে যেতে পারবো।
২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে বেলা সাড়ে ১১ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উক্ত কথা বলেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে আব্দুল্লাহ আল আমিন বলেন, কোন অপরাধ ও অন্যায়কে প্রশয় দিবো না তাহলেই ২১ শের চেতনা পূর্ণতা পাবে। ২১ শে ফেব্রুয়ারী আসলে আমরা বিভিন্ন বক্তব্য দেই কি কি করবো কিন্তু যার যার জায়গা থেকে কর্তব্য পালন করি না। আমরা স্পিনিস, চায়নিজ, জাপানিজ, উর্দু, আরবি, ফারসি সহ অন্য ভাষা শিখতে চাই অথচ আমাদের বাংলা ভাষা বিশ্বে ৬ষ্ঠ স্থানে আছে। অন্য দেশের মানুষ কিন্তু আমাদের ভাষা শিখতে আগ্রহী না। কারণ আমরা দেশকে ও ভাষাকে ঐ মর্যাদার স্থানে আমরা নিতে পারি নাই। এটা কিন্তু বক্তব্যবাজির মাধ্যমে যাবে না। যেমন আমার কথাই বলি, আমি একজন আইনজীবী। আমি যখন বই খুঁজি ইংরেজি বা হিন্দি ভাষার বই খুঁজি। অথচ যারা বই লিখছে তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছে নিজেদের ভাষায় লিখে। বিশ্বের মানুষকে সেই ভাষার বই কিনে পড়তে হচ্ছে। এমন ভালো ভালো বিজ্ঞানী বা চিকিৎসক তারাও কিন্তু তাদের ভাষায় বই লিখছে। তাই আমি বলবো বাংলা ভাষার জন্য কিছু করতে হবে না যদি আমরাও নিজ নিজ জায়গা থেকে নিজেদের দায়িত্ব পালন করি।
এমপি আরও বলেন, দেশ প্রেম আসলে বক্তব্যের জায়গা না। প্রত্যেকে যদি নিজের দায়িত্ব পালন করি তাহলে আমার দেশটাও এগিয়ে যাবে, মানুষ আমাদের নিয়ে আগ্রহী হবে যদি আমরা আমাদের বাংলা ভাষায় একটি ইউনিক থিওরি আবিষ্কার করে কোন বিজ্ঞানী তাহলে দেখবেন বিশ্বের সব মানুষ বাংলা ভাষ শিখতে আগ্রহী হবে।আমরা যদি আইন নিয়ে এমন কাটামো তৈরি করি যা বিশ্বে তাক লাগিয়ে দিবে তখন তারাও কিন্তু আমাদের অনুসরণ করবে।
জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য এড.আবুল কালাম,
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক মাশকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মাঈনউদ্দিন আহমেদ, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, ইসলামি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিনাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক এম শওকত আলী প্রমূখ।

