
কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহর বাইপাসের কুষ্টিয়া স্টোর নামে একটি তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সিএনজির চালক ও চারজন যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহতদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতদের মধ্যে তিনজন মহিলা ও দুজন পুরুষ রয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি বটতৈল কবুরহাট থেকে বাইপাস হয়ে ত্রিমোহনীর দিকে যাচ্ছিল। এ সময় বপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।

