
সোনারগাঁ(প্রতিনিধি):নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় মোবাইল চুরির আখ্যা দেওয়ায় ৫ জনকে ছুরিকাঘাতে জখম করেছে আমিন মিয়া নামের ১৫ বছর বয়সী কিশোর। গত বুধবার রাত ১২টায় উপজেলার কাচঁপুর এলাকার পারটেক্স গ্রুপের খেলার মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা ওই যুবককে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে আহত নিরব হোসেন খালা শিউলি বেগম বাদি হয়ে সোনারগাঁ থানা মামলা দায়ের করেন। ছুরিকাঘাতে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তারকৃত আমিন মিয়াকে আদালতের মাধ্যমে শিশু পূর্নবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আংশঙ্কাজনক বলে জানা যায়।আহতরা হলেন,নিরব হোসেন,মো: সুজন হোসেন, কাউসার মিয়া,সোহান মিয়া ও চঞ্চল মিয়া। তারা কাচঁপুর রায়েরটেক এলাকার বাসিন্দা। অভিযুক্ত আমিন মিয়া কাচঁপুর পুরান বাজার এলাকার কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাচঁপুর ইউনিয়নের রায়েরটেক এলাকার পারটেক্স গ্রুপের খেলার মাঠ থেকে নিরব হোসেন নামে এক কিশোরের মোবাইল চুরি হয়। খবর পেয়ে রাত ১২টার দিকে নিরবসহ তার ৫-৭ জন বন্ধু গিয়ে নিরব হোসেনের মোবাইল ফেরত দেওয়ার জন্য আমিন মিয়াকে চাপ দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমিন মিয়া মোবাইল ফোন ফেরত দেওয়ার কথা বলে তাদের খেলার মাঠের নির্জন জায়গায় নিয়ে যায়। এ সময় আমিন মিয়া উত্তেজিত হয়ে নিরব হোসেন, মো: সুজন হোসেন, কাউসার মিয়া,সোহান মিয়া ও চঞ্চল মিয়া নামের ৫ জনকে ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম করে। পরে এলাকাবাসী খবর পেয়ে আমিন মিয়াকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো.রাশেদুল হাসান খাঁন বলেন, এ ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। আমিন মিয়া নামের ওই কিশোরকে আদালতের মাধ্যমে শিশু পূর্নবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

