
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম)
আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হওয়া সংসদ সদস্য চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিনিয়র এডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে দেখতে চায় দেশবাসী।
ধানের শীষ প্রতীক নিয়ে এডভোকেট ফজলুর রহমান মোট ১ লাখ ৩২ হাজার ৫০৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৪ হাজার ৭৯৯ ভোট। ফজলুর রহমান বেসরকারি ফলাফলে ৭৭ হাজার ৭০৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
এ ফলাফলে পুরো হাওর অঞ্চল এলাকায় ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে।
দেশের সাধারণ ভোটারদের মতে, দেশের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দৃশ্যমান অগ্রগতির জন্য শক্তিশালী প্রতিনিধিত্ব প্রয়োজন। তাই তারা মনে করছেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মতো একজন বিচক্ষণ স্পষ্টবাদী সংসদ সদস্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
আমরা বিশ্বাস করি, তিনি মন্ত্রী হলে সরকারের উচ্চপর্যায় থেকে দেশের সকল এলাকার সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
এদিকে সাধারণ জনগণও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ফজলুর রহমানকে মন্ত্রী করার দাবি জানাচ্ছেন। তাদের প্রত্যাশা, জনপ্রতিনিধি হিসেবে তার অর্জিত জনসমর্থনের প্রতিফলন সরকারিভাবেও মূল্যায়িত হবে।
এবিষয়ে নব-নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘আমি জনগণের ভালবাসা নিয়ে এমপি নির্বাচিত হয়েছি। দেশনায়ক তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী যদি চান আমাকে মন্ত্রী বানাবেন। আমাকে কোন মন্ত্রনালয় দেয়া হবে সেটা তো আমি বলতে পারবো না।’

