চট্টগ্রামের আনোয়ারায় একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে আজ বুধবার ওই কেন্দ্রে আবার দুটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয় সূত্র জানায়, জাতীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু গভীর রাতে দুর্বৃত্তরা ওই কেন্দ্রের দুটি ক্যামেরা খুলে নিয়ে গেছে। বিষয়টি জানাজানি হলে সহকারী রিটার্নিং কর্মকর্তার উদ্যোগে আবার সেখানে ক্যামেরা লাগানো হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানতে চাইলে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আনোয়ারার ইউএনও তাহমিনা আক্তার বলেন, ঘটনাটি জানার পরপরই আবার নতুন ক্যামেরা বসানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


