
সাতক্ষীরা :ফ্যাসিবাদ, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান জানান দিতে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘ম্যারাথন উইথ রান’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৭টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে কর্মসূচিটি শুরু হয়।
সাতক্ষীরা সরকারি কলেজ থানা শাখা ছাত্রশিবিরের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই ম্যারাথনে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
ম্যারাথনটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড়, নারকেলতলা মোড়, আসিফ চত্বর, লাবনী মোড় ও কলেজ মোড় প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মোঃ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুনতাসির বিল্লাহ, ইসলাম শিক্ষা বিভাগীয় প্রধান প্রফেসর মিয়ারাজ হোসাইন, ব্যাংকার সিদ্দিকুর রহমান এবং সাতক্ষীরা সংসদীয় দুই আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের পুত্র হাসান আল বান্না।এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসানসহ শহর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আল মামুন বলেন, “৫ আগস্ট ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে রুখে দাঁড়িয়েছিল। ভবিষ্যতে কেউ নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে ছাত্র-জনতা আবারও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।”
তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তরুণ সমাজ চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে লাল কার্ড দেখাবে এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান নেবে।”
তিনি আগামীর বাংলাদেশকে ইনসাফ ও সম্প্রীতির বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, ম্যারাথন উইথ রান প্রতিযোগিতায় প্রথম তিনজনসহ মোট ২০ জন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়।

