
সাতক্ষীরা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ নিশ্চিত করতে পিরোজপুর জেলার দায়িত্বপূর্ণ এলাকায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জনমনে আস্থা বৃদ্ধি, ভয়ভীতিহীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধের লক্ষ্যে সারাদেশের ন্যায় পিরোজপুর জেলাতেও বিজিবির তৎপরতা জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে জনসাধারণের চলাচল, আইন-কানুন ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে জনগণকে সচেতন করতে সীমান্তবর্তী এলাকাসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জনসচেতনতামূলক সভার মাধ্যমে ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট প্রদানে উৎসাহিত করা হচ্ছে।
এছাড়াও এলাকায় যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধ, অপরাধ দমন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিয়মিত যৌথ তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিরাপদ ও স্থিতিশীল রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিজিবির এমন কার্যক্রমে নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ও আস্থা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

