এবার নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশকে ২৫ হাজার ৭শ বডি ক্যামেরা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেরানেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, এবার যদি কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না। কেন্দ্র দখল যেন না হয়, সেজন্য এবার সিসি টিভি ক্যামেরা কেন্দ্রে লাগানো হচ্ছে, পুলিশকে ২৫ হাজার ৭শ বডি ক্যামেরা দেওয়া হচ্ছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে। এরপরও যদি কেউ কোনো রকম এদিক-ওদিক করতে যায়, তাহলে কেউ ছাড়া পাবে না।
সে ভাই হোক বা বোন হোক, তার ছবি এখানে থেকে যাবে, তিন বা চারদিন পর হোক বা ছয় মাসের জন্য জামিন নিয়ে আসুক, জামিনের পরে হলেও সে ধরা খাবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের সাহাব উদ্দিন মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিভাগীয় প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেরানেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন সংক্রান্ত একটি মতবিনিময় সভা করেছি আমরা।
এতে সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সবাই ছিল, এতে আমরা বিভিন্ন সমস্যাগুলো আলোচনা করেছি। তাদের প্রস্তুতি বিষয়ে আলোচনা করেছি। এতে দেখা গেছে- তাদের প্রস্তুতি বেশ ভালো এবং প্রশংসনীয়। তারা জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে পারবে, এটা আমাদের বিশ্বাস।এ সময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ঝিনাইগাতির ঘটনাটি খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে এর জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়ার, আমরা নিচ্ছি। এর জন্য যারা দায়ী তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে এ ধরনের ঘটনার পর জড়িতরা এলাকায় থাকে না, তারা দূরে চলে যায়। এজন্য অনেক ক্ষেত্রে একটু সময় লাগে, তবে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।নির্বাচনী দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এবারের নির্বাচনে আমরা সাংবাদিকদের পোলিং সেন্টারে ঢুকার জন্য অনুমতি দিয়ে দিয়েছি। এতে সাংবাদিকদের ওপর হামলার কোনো ধরনের আশঙ্কা নেই। এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগসহ দেশের কোথাও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেনি। তবে ছোটখাট কিছু সমস্যা তো থাকবেই, কিন্তু বড় ধরনের ঘটনা নেই।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী (এনডিসি), ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়া, র্যাব-১৪ এর অতিরিক্ত ডিআইজি নয়মুল হক, ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান, সেনাবাহিনী, বিজিবি, আনসরারসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com