আজ বুধবার, মার্চ ৪, ২০২৬ খ্রিস্টাব্দ

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি: “কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, আসল চ্যালেঞ্জ হলো কুসংস্কার” এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জ জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৬ পালিত হয়েছে। নারায়ণগঞ্জ সিভিল সার্জনের আয়োজনে ও দ্যা লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় রোববার (২৫ জানুয়ারি) এ দিবসটি পালন করা হয়।

প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়। এই লক্ষ্যে সারা বিশ্বের ন্যায় প্রতিবছর, বাংলাদেশেও এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে জাতীয় কুষ্ঠ কর্মসূচী ও টিবিএল এন্ড এএসপি ওপি স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে সকাল ৯ টায় বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে বের হয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় হয়ে আবার সিভিল সার্জন অফিসে এসে সমাপ্তি হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং লেপ্রসী মিশনের সহযোগীতায় দরিদ্র ও বিকলাঙ্গ রোগীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

দিবসটি সফল করতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা: আবুল ফজল মোহম্মদ মুশিউর রহমান।
আরও উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ডা: মোহাম্মদ আমিনুল হক, মেডিকেল অফিসার (টিবি ও লেপ্রসি) ডা: মোহাম্মদ শহীদুল ইসলাম স্বপন, ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার মো: শহীদুল্লাহ মিয়া, দা লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মি.খোকন বাড়ৈ। এছাড়াও উপস্থিত ছিলেন, ডিসিবিআরপি ঢাকা প্রজেক্ট থেকে ডলি, শাহিনুর, তানিয়া আক্তার সহ ডিএসআই ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এসময় সম্মিলিত প্রচেষ্টায় কুষ্ঠরোগকে নির্মূল করা সম্ভব উল্লেখ করে সরকারি বেসরকারি সকল পর্যায়ের জনগনকে এই কাজে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা: আবুল ফজল মোহম্মদ মুশিউর রহমান।

সহযোগী সংগঠন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনালের পক্ষে জেলা প্রতিনিধি মিঃ খোকন বাড়ৈ বলেন যে, সরকারী ও বেসরকারি সংস্থার পাশাপাশি সকলের ঐক্য প্রচেষ্টাই পারে কুষ্ঠ রোগীদের প্রাথমিক অবস্থায় সনাক্ত করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠাতে এবং বিনামূল্যে কুষ্ঠ রোগীদের নিয়মিত চিকিৎসা সেবার মাধ্যমে কুষ্ঠ রোগ থেকে পরিত্রাণ পেতে।

এরপর লেপ্রসী মিশনের পক্ষ থেকে একটি অটো র‍্যালিরও আয়োজন করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনামূলক প্রচারাভিযান চালায়। এছাড়াও জনসচেতনতার জন্য নারায়ণগঞ্জ জেলার জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে কুষ্ঠ বিষয়ক একটি উন্মুক্ত পরিদর্শন স্টল আয়োজন করা হয়।

উল্লেখ্য যে, লেপ্রসী মিশন বাংলাদেশ, নারায়নগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের দিকনির্দেশনায় জেলার ৫টি উপজেলায় জনসচেতনামূলক কাজ চালিয়ে যাচ্ছে এবং বিনামূল্যে কুষ্ঠ রোগীদের চিকিৎসা প্রদান করে আসছে। গত ৪ বছর (২০২২ থেকে ২০২৫) বছরে ১০৪ জন কুষ্ঠ রোগী সনাক্ত করে চিকিৎসার আওতায় আনা হয়েছে এবং ৮৪ জন রোগী সফলভাবে চিকিৎসা শেষ করে সুস্থ হয়েছে।

বাংলাদেশ সরকারের লক্ষ্য পুরনে আগামী ২০৩০ সালের মধ্যে তিনটি বিষয়কে জিরোতে নিয়ে আসতে সরকারের পাশাপাশি চেষ্টা চালিয়ে যাচ্ছে লেপ্রসী মিশন। যেখানে সমাজে শূন্য কুষ্ঠ, শূন্য সংক্রামণ এবং শূন্য বৈষম্য বিদ্যমান থাকবে। এ রোগের চিকিৎসা সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বিনা মূল্যে পাওয়া যায়।

Exit mobile version