আজ মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৬) কলারোয়া করুণাময় মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ সেশনে ভোটগ্রহণের পূর্বপ্রস্তুতি, ভোট শুরুর আনুষ্ঠানিকতা, ভোটার তালিকা যাচাই, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভোটার শনাক্তকরণ, ব্যালট পেপার বিতরণ, ব্যালট বাক্স সিলগালা ও সংরক্ষণ, ভোটগ্রহণ চলাকালীন শৃঙ্খলা বজায় রাখা, কেন্দ্র বন্ধ করার নিয়মাবলি, ভোট গণনার ধাপসমূহ এবং ফলাফল যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণের প্রক্রিয়া হাতে-কলমে উপস্থাপন করা হয়।
এছাড়াও নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে অনুসরণ, প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন, সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ভোটারদের সাথে সৌজন্যমূলক আচরণ এবং যে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি উদ্ভূত হলে তাৎক্ষণিকভাবে করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
প্রশিক্ষকগণ জানান, একটি অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, সঠিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারাই পারেন ভোটারদের আস্থা অর্জন করতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে।

কর্মশালার শেষাংশে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং বাস্তবভিত্তিক সমস্যার উদাহরণ তুলে ধরে সমাধানের কৌশল ব্যাখ্যা করা হয়।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সারাদেশব্যাপী পর্যায়ক্রমে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হচ্ছে।

Exit mobile version