
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
সাতক্ষীরা সদর-২ আসনের জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সংবর্ধনা সভার মাধ্যমে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন, “জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট, ইনশাল্লাহ। আমরা দেশকে ক্ষুদামুক্ত ও দারিদ্রমুক্ত করতে চাই।”
দুপুর থেকেই হাজার হাজার সমর্থক দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার ও মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। সভাস্থল কানায় কানায় ভরে ওঠে এবং স্লোগান, ব্যানার ও উৎসবমুখর পরিবেশে মুখরিত হয় পুরো এলাকা।
সভা শেষে একই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান মোড়গুলো ঘুরে পুনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।
সভায় জেলা জামায়াত ও শহর নেতারা বক্তব্য রাখেন। এর মধ্যে ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক মোঃ ওমর ফারুক, জেলা কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুল ওয়ারেস, শহর আমীর জাহিদুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা মোশারফ হোসেন সহ অন্যান্য নেতা ও কর্মীরা।
সমাবেশ ও মিছিলকে ঘিরে এলাকাজুড়ে উৎসাহ ও আনন্দের ছোঁয়া লক্ষ্য করা গেছে।

