
সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, আমি বিএনপি ও জনগণের সাথে ছিলাম, এখনও আছি। পানি কাটলে ভাগ হতে পারে, কিন্তু তৈমুর আলম খন্দকারের সাথে তৃণমূলের সম্পর্ক ছিন্ন করা যাবে না। দেশনেত্রী খালেদা জিয়া নেতাদের বলেছিলেন, তৈমুর কোথায়? তোমরা তাকে কেন বহিষ্কার করলা? তার কি দলে অবদান নেই? দলের চেয়ারপার্সনের এমন বক্তব্যের পরে তো আমি বহিষ্কার থাকার কথা না।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।তৈমুর আলম খন্দকার বলেন, নারায়ণগঞ্জে যখন সাত খুন হয়, এ বিষয়ে তখন বিএনপির হাই কমান্ডের সাথে আলাপ আলোচনা করে তিনি (বেগম খালেদা জিয়া) বললেন, তৈমূর কোথায়? তার সাথে আলোচনা করব। তারপর আমাকে ফোন করা হয়। আমি এসে দেখি ম্যাডাম সবাইকে নিয়ে বসে আছে। পরবর্তীতে তিনি আমার মতামত চাইলেন, আমি মতামত দিলাম। সেই মতামতই তিনি গ্রহণ করলেন। তিনি বললেন তৈমূর যেভাবে বলেছে সেভাবে করো।তিনি আরও বলেন, অনেক ঘটনাই আমার স্মৃতিতে আছে। আমি যখন গুলিবিদ্ধ হই, আমি মনোয়ারা হাসপাতালে ভর্তি ছিলাম। ম্যাডাম নিজে আমাকে দেখতে আসেন এবং দেখে একদিনের হরতাল ঘোষণা দেন। আমাকে উন্নত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
এদিন সকালে নারায়ণগঞ্জ থেকে গাড়িযোগে দলবল নিয়ে তৈমূর আলম খন্দকার বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে যান। সকাল সাড়ে ১০টায় তিনি জিয়া উদ্যানে প্রবেশ করেন। তাদের নিয়ে কবর জিয়ারত করে সেখানে তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করেন।

